সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যাপিত জীবন-১




যাপিত জীবন-১
                -শ.ম. শহীদ

একাত্তরে বাপ মরেছে, চুহাত্তরে মা,
প‍ঁচাত্তরের গোড়ার দিকে ছেড়ে এলাম গাঁ।
ঢাকায় এসে বনানীতে হলাম কাজের মেয়ে,
যাচ্ছিল দিন ভালোভাবেই পেটপুরে ভাত খেয়ে।

আটাত্তুরে সাহেব প্রথম দিলেন গায়ে হাত,
লুটে নিলেন যক্ষেরধন, তখন মধ্যরাত।
‘কাউকে যেন বলিসনা তুই’ শাসিয়ে গেলেন শেষে,
বেগমসাহেব হল্লা বাঁধান সাত-সকালে এসে।
দুপুরবেলা এলেন মামুন, পরিচিত আগে-
তিনি নতুন চাকুরী দিলেন এনে মালিবাগে!
ঊনাশিতে ‘চিজ’ নামের পণ্য হলাম দামি,
কুড়ি-হাজার বিক্রি হলাম টানবাজারে আমি!

ছিয়াশিতে জীবন ঘিরে যখন আঁধারকালো,
হঠাৎ এসে কামাল পুলিশ মনে জ্বালায় আলো।
এভিডেভিট করলাম গে’ মধ্য সাতাশিতে
নতুন জীবন পেলাম যেন আবার পৃথিবীতে।
দু’বছরও পার হলোনা ঊননব্বই সালে-
মরলো পতি আরিচাতে বাস উল্টে খালে।
প্রাণে বেঁচে গেছি আমি একই ঘটনাতে।
তখন থেকেই কাটছে জীবন ফুটপাতে ফুটপাতে।।

মন্তব্যসমূহ